বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, রাতের অন্ধকার এবং উত্তাল সমুদ্রের তীব্র প্রতিকূলতা উপেক্ষা করে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি নাঈম’ নামক মাছ ধরার ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নৌবাহিনী জাহাজ বানৌজা পদ্মা সফলভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, সাগরে নিয়মিত টহল দেওয়ার সময় ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় রয়েছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে বানৌজা পদ্মা। এ সময় বৈরী আবহাওয়া ও সী স্টেট-৪ এর উত্তাল সমুদ্রে দীর্ঘ সময় ধরে চলে তীব্র অনুসন্ধান।
একপর্যায়ে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে রাডারের মাধ্যমে ভাসমান ট্রলারটির সঠিক অবস্থান নিশ্চিত করে নৌবাহিনীর দলটি। এরপর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ট্রলারটিসহ এর ভেতরে থাকা ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করার পরপরই জেলেদের মানসম্মত খাদ্য এবং বিশুদ্ধ পানি সরবরাহ করেন নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। এ ছাড়া সাগরে মাছ ধরার সময় আহত হওয়া এক জেলেকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
পরবর্তীতে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যেও প্রায় ২৮ কিলোমিটার পথ ট্রলারটিকে টোয়িং করে সুন্দরবনসংলগ্ন দুবলার চরে বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের নিকট নিয়ে যাওয়া হয়। সেখানে উদ্ধারকৃত ট্রলার ও ১২ জেলেকে কোস্ট গার্ডের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।