প্রধানমন্ত্রীর আগমনে ফেনীবাসীর সমস্যার সমাধান হবে : পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ফেনী সফরকে কেন্দ্র করে পুরো অঞ্চলে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশার আমেজ তৈরি হয়েছে। দীর্ঘদিনের বঞ্চনা ঘুচিয়ে এই জনপদের মানুষ তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধান ও সুনির্দিষ্ট উন্নয়নমূলক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন। আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম ফেনী সফরকে ঘিরে পরশুরাম ও ফুলগাজীজুড়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মঙ্গলবার বিকেলে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিস্থল সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এ সময় তিনি আরও বলেন, সরকার গঠনের মাত্র সাত মাসের মাথায় প্রধানমন্ত্রীর এই ফেনী সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফেনীর সঙ্গে ঐতিহাসিকভাবেই দেশনায়কের একটি গভীর ও আন্তরিক সম্পর্ক রয়েছে। তাঁর এই আগমনের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের মৌলিক প্রত্যাশাগুলো পূরণ হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার দীর্ঘমেয়াদী জনদুর্ভোগ নিরসনের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ স্থায়ী বাঁধ নির্মাণ এবং মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের মতো জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো ইতিমধ্যেই একনেকে অনুমোদন লাভ করেছে। পাশাপাশি, ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন হলে পুরো অঞ্চলের চিকিৎসাসেবা খাতে বিপ্লব সাধিত হবে।

১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের এই জনপদের মানুষ উন্নয়নের মহাসড়কে যুক্ত হতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

অন্যদিকে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু আনন্দ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই অঞ্চলের মানুষের আত্মিক ও নাড়ির টান রয়েছে। তিনি ফেনীবাসীর জন্য নতুন কোনো উন্নয়নের বার্তা নিয়ে আসছেন। স্থানীয়দের বিশ্বাস, এই সফরের মাধ্যমে ফেনীবাসীর কাঙ্ক্ষিত দাবিগুলো বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সরকারি সফরসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

০%
০%
০%
০%