রাঙ্গামাটিতে অদ্ভুত উপায়ে এনসিপির ৩ উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজনৈতিক দলের চিরাচরিত সাংগঠনিক রীতিনীতি ভঙ্গ করে রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র তিনটি উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ঘটনায় তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবের পাশাপাশি নির্দিষ্টসংখ্যক যুগ্ম আহ্বায়ক ও সদস্য রাখা হলেও, রাঙ্গামাটির বিলাইছড়ি, জুরাছড়ি ও নানিয়ারচর উপজেলা কমিটিতে একাধিক সম্পাদকীয় পদ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘোষিত নথিপত্র অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাঙ্গামাটি জেলা এনসিপির আহ্বায়ক প্রিয় চাকমা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলামের অনুমোদনে বিলাইছড়ি, জুরাছড়ি ও নানিয়ারচর উপজেলার জন্য আগামী ছয় মাসের মেয়াদে পৃথক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নথি পর্যালোচনায় দেখা যায়, এসব কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবের পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনয়র যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদ রাখা হয়েছে। ফল আহ্বায়ক কমিটির কাঠামো নিয়েই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বিলাইছড়ি উপজেলা:

বিলাইছড়ি উপজেলা আহ্বায়ক কমিটিতে স্বপন চাকমাকে আহ্বায়ক এবং মো. সেলিমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিহার রঞ্জন চাকমা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রবিউলকে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

জুরাছড়ি উপজেলা:

জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটিতে অসীম চাকমাকে আহ্বায়ক, মো. জুমাং চাকমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হিতো চাকমা, মিশন চাকমা ও রাজেন মনি তঞ্চঙ্গ্যাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

দেবাশীষ চাকমাকে সদস্য সচিব, মো. সুমনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং শ্যামল কান্তি চাকমা ও মনিকা চাকমাকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। একই কমিটিতে প্রিয় লাল চাকমাকে সাংগঠনিক সম্পাদক এবং মো. জাকির, রিজনা চাকমা ও বীরেন্দ্র চাকমাকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

নানিয়ারচর উপজেলা:

নানিয়ারচর উপজেলা আহ্বায়ক কমিটিতে মনো বিকাশ চাকমাকে আহ্বায়ক, মো. জাকিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং প্রতীক চাকমা, লক্ষ্মীমান চাকমা ও উজ্জ্বল মারমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

মিল্টন চাকমাকে সদস্য সচিব, জ্যোতি চাকমাকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং রঞ্জন বিকাশ চাকমা ও রিটন চাকমাকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সুরেশ চাকমা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়টার চাকমাকে রাখা হয়েছে। কমিটিতে আরও কয়েকজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত নথিতে দেখা যায়, কমিটিগুলোর সুপারিশকারী হিসেবে রাঙ্গামাটি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. সাহেদুল আলম (শাকিল) ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব উষামং মারমার স্বাক্ষর রয়েছে। আর অনুমোদনকারী হিসেবে স্বাক্ষর করেছেন জেলা আহ্বায়ক প্রিয় চাকমা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম।

এদিকে, তিনটি উপজেলা কমিটির নথিতেই ছয় মাসের জন্য কমিটি অনুমোদনের কথা উল্লেখ রয়েছে। ফলে এসব কমিটি আহ্বায়ক কমিটি হিসেবে গঠিত হলেও এতে একাধিক স্তরের সাংগঠনিক পদ ও দায়িত্ব অন্তর্ভুক্ত করায় বিষয়টি নিয়ে দলটির স্থানীয় পর্যায়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

০%
০%
০%
০%