কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার পাঁচ বছরের পূর্ণাঙ্গ মেয়াদের জন্য জনগণের রায়ে নির্বাচিত হয়েছে। গঠনমূলক সমালোচনার সুযোগ থাকলেও কেউ অতিরিক্ত বাড়াবাড়ি বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
রোববার দুপুরে পাকুন্দিয়া উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
বিরোধী দলগুলোর উদ্দেশে সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, সংসদে এবং সংসদের বাইরে আপনারা সরকারের গঠনমূলক সমালোচনা করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে কেউ কেউ ইচ্ছা করে বেশি বাড়াবাড়ি বা অহেতুক চতুরতা দেখাতে যাবেন না। এ ধরনের কর্মকাণ্ডের ফল কখনোই ভালো হয় না। অনেকের নানা ধরনের তৎপরতার খবর আমাদের কাছে আসছে, তাই সীমা লঙ্ঘন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে স্থানীয় এই সংসদ সদস্য বলেন, একাত্তরে তারা যা করেছে, বর্তমান সময়েও একই ধরনের অপতৎপরতা পুনরায় শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই তাদের নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। তাদের বিগত নির্বাচনী অবস্থান ও প্রাপ্ত ভোটের পরিসংখ্যান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট এবং রাজনৈতিক বাস্তবতার কথা তাদের মাথায় রাখা উচিত।
জামায়াতের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগ তুলে তিনি আরও বলেন, নির্বাচনের সময় তারা জান্নাতের টিকিট বিক্রির মতো অনৈতিক ও অবাস্তব প্রচারণায় লিপ্ত হয়েছিল। অথচ এখন তারা সে কথা অস্বীকার করছে। মিথ্যাচার করা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভ্যাস। প্রকৃত আলেম-ওলামারাও আজ সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতকে বাংলাদেশের অন্যতম মিথ্যাবাদী ও অনৈতিক রাজনৈতিক দল হিসেবে অভিহিত করছেন বলে মন্তব্য করেন তিনি।
পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমনের সভাপতিত্বে এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর রাকিবুল আলম ছোটনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
এর আগে পাকুন্দিয়া পৌর সদরে যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পাটমহল এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।