রাঙ্গামাটি রাজবন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ মধু পূর্ণিমা উদযাপন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় তিথি শুভ মধু পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটি রাজবন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রাঙ্গামাটি রাজবন বিহারে মধু পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম শুরু হয়। প্রথমে পঞ্চশীল প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে রাজবন বিহারের সংঘপ্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তে সংঘের পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা অনুমোদন করে উপস্থিত দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রদান করেন।

এ সময় সংঘদান, অষ্টপরিষ্কার দান, প্যাগোডার উদ্দেশ্যে অর্থ দানসহ বিভিন্ন দানকার্য সম্পাদন করা হয়। ধর্মপ্রাণ দায়ক-দায়িকারা এসব ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করে পুণ্য সঞ্চয় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবন বিহারের উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খীসা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও রাজবন বিহারের উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সদস্য বৈশালী চাকমা (পান্নি) এবং বিশিষ্ট শিল্পী রনজিত দেওয়ানসহ ধর্মপ্রাণ দায়ক-দায়িকারা।

মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য দান, শীল, মৈত্রী ও করুণার চর্চার একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন ভিক্ষু সংঘকে মধু, সংঘদান ও বিভিন্ন দানীয় সামগ্রী প্রদানসহ নানা পুণ্যকর্মের মধ্য দিয়ে ধর্মীয় অনুশীলনে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাঙ্গামাটি রাজবন বিহারে মধু পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠান সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন ধর্মীয় কাজ সম্পন্ন করা হয়।

০%
০%
০%
০%