জীবননগরে ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক এক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ৫১২ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসাদাহ বাজারের চিহ্নিত কীটনাশক ব্যবসায়ী ও মেসার্স তৌফিক ট্রেডার্সের মালিক মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার পুলিশ প্রশাসনের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে আকস্মিক এই অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ব্যবসায়ীর চারটি পৃথক গোডাউন তল্লাশি করে সরকারি বরাদ্দের এসব সার উদ্ধার করা হয়, যা কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণের কথা ছিল।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযানে মেসার্স তৌফিক ট্রেডার্সের গোডাউনগুলো থেকে বিপুল পরিমাণ অবৈধ সার জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন সারের বিস্তারিত বিবরণ তুলে ধরে জানান, জব্দকৃত মোট ৫১২ বস্তা সারের মধ্যে রয়েছে ৪৫ বস্তা ইউরিয়া, ৩৫০ বস্তা ডিএপি, ৭৮ বস্তা টিএসপি এবং ৩৯ বস্তা এমওপি সার। কৃষি খাতের বরাদ্দকৃত এই সার অবৈধভাবে পাচার ও মজুতের নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর নজরদারি শুরু করেছে।

০%
০%
০%
০%