গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি মুদি ও বিকাশের দোকানে জালিয়াতির মাধ্যমে আর্থিক লেনদেন করার সময় হাতেনাতে আটক হয়েছেন আসিক (২৫) নামের এক যুবক। স্থানীয় লোকজনের বিচক্ষণতা ও তাৎক্ষণিক হস্তক্ষেপে ভেস্তে গেছে ওই যুবকের অসদুপায়।
শুক্রবার বিকেলে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দস্যুনারায়ণপুর এলাকার একটি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটক আসিক পাশ্ববর্তী ভুবনেরচালা গ্রামের গিয়াস উদ্দিনের সন্তান বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আসিক ওই বাজারের একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকানে প্রবেশ করেন। অ্যাকাউন্ট থেকে ক্যাশ-ইন করার কথা বলে তিনি দোকানির হাতে মোট ছয় হাজার পাঁচশত টাকা তুলে দেন। তবে টাকাগুলো হাতে নেওয়ার পর থেকেই দোকানির মনে সন্দেহের উদ্রেক হয়। তাৎক্ষণিকভাবে তিনি ও আশপাশের লোকজন নোটগুলো গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান, এর মধ্যে এক হাজার টাকার দুটি এবং পাঁচশত টাকার নয়টি—অর্থাৎ মোট পাঁচ হাজার পাঁচশত টাকাই জালিয়াতির মাধ্যমে তৈরি করা নকল নোট। অবশিষ্টাংশ হিসেবে মাত্র এক হাজার টাকার আসল নোট দেওয়া হয়েছিল।
বিষয়টি বুঝতে পেরে মুহূর্তেই দোকানটিতে ভিড় জ জমায় স্থানীয় জনতা। পরে তারা কৌশলে ওই যুবককে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আসিককে নিজেদের হেফাজতে নেয় এবং তার নিকট থাকা জাল নোটগুলো জব্দ করে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, জাল টাকাসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা লেনদেনের চক্রটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চক্রের মূল হোতা এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে জোরদার তদন্ত চলছে।