ফেনীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযান, আটক ৩৮

ফেনী শহরের বিভিন্ন এলাকায় দিনদিন বেড়ে চলা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও নানা অপরাধমূলক তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন বয়সী ৩৮ জন কিশোরকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের মধ্যে ২৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের জড়িয়ে পড়ার অভিযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর থেকেই শহরের বিভিন্ন স্পটে নজরদারি বাড়ানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় এদিন বিকেলে এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে শহরের রাজনন্দিনী দিঘি, পেট্রোবাংলা এলাকা, একাডেমি সড়ক, মাস্টারপাড়া এবং নাজিররোডসহ বিভিন্ন জনবহুল স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা ও সন্দেহজনক আচরণ করার সময় ওই কিশোরদের আটক করা হয়। আটককৃতদের বেশিরভাগেরই বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, সমাজে কিশোর অপরাধের বিস্তার রোধ এবং কিশোর গ্যাংয়ের প্রভাব কমাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের থানায় এনে কাউন্সেলিংয়ের পাশাপাশি তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। পরবর্তীতে ২৫ জন কিশোরের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়েও অভিভাবকদের উপস্থিতিতে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তরুণ প্রজন্মকে অপরাধের পথ থেকে দূরে রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন কঠোর নজরদারি অব্যাহত থাকলে ফেনীতে কিশোর অপরাধ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে।

০%
০%
০%
০%