মাদক উদ্ধার, অপরাধ দমন, আদালতের পরোয়ানা তামিল এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শরীয়তপুর জেলার আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন।
আগস্ট মাসে গোসাইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার এবং আদালতের পরোয়ানা তামিলে কার্যকর ভূমিকা পালন করে থানা পুলিশ। একই সঙ্গে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়।
ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এসব কার্যক্রমের পাশাপাশি দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে আগস্ট মাসের জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর জেলা পুলিশ, শরীয়তপুরের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের হাতে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জাকারিয়া রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু সিয়ামসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
এ স্বীকৃতিতে গোসাইরহাট থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও কর্মস্পৃহা বেড়েছে। ভবিষ্যতেও মাদক উদ্ধার, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন।