জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক সফলতা ও অর্জন তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্জন এবং কূটনৈতিক সফলতার বিভিন্ন দিক জাতির সামনে স্পষ্ট করা হবে।
সংবাদ সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ নীতি ও কূটনৈতিক সাফল্যের নানা দিক তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।