গাইবান্ধায় অবৈধ সার মজুত ও বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা এবং সার জব্দ

গাইবান্ধার সদর উপজেলার কামারজানি বন্দরে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অবৈধভাবে ইউরিয়া সার আমদানি, মজুত ও বিক্রির অভিযোগে সানোয়ার মুন্সী নামের এক কীটনাশক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা এবং তাঁর গুদাম থেকে ১৫০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম এই অভিযান ও সার জব্দের বিষয়টি নিশ্চিত করেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কৃষি বিভাগের একাধিক কর্মকর্তা ও পুলিশের একটি দল অংশ নেয়।

সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সীর গুদামে অভিযান চালানো হয়। তিনি কোনো ধরনের প্রাতিষ্ঠানিক অনুমোদন বা নিয়ম না মেনে বাইরে থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ইউরিয়া সার এনে গুদামে মজুত করেছিলেন এবং তা বিক্রি করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালত আইন অমান্য করার অপরাধে তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং গুদামে মজুত থাকা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রাখেন।

এদিকে এই অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল 'সময় টিভি'-র গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম ও ক্যামেরাপারসন সোহেল রানাকে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই দুই গণমাধ্যমকর্মীকে ঘিরে ধরেছেন এবং একপর্যায়ে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

সাংবাদিকদের হেনস্তার বিষয়ে সদর কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম জানান, যখন সাংবাদিকদের ওপর এই অনভিপ্রেত ঘটনা ঘটে, তখন তিনি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তবে কৃষি বিভাগের কোনো কর্মকর্তার ওপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

অভিযানের বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম জানান, অননুমোদিত ব্যবসায়ী হয়েও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সার মজুত ও বিক্রির অপরাধেই ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং সারগুলো জব্দ করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করে তিনি অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।

০%
০%
০%
০%