কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী একটি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবির কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এসআরবি ১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ১২ মাইল বালুর ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কৌশলগত অবস্থান নিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেন।
অভিযানকালে স্থানীয় বালু ব্যবসায়ী সিদ্দিক মালিথার (৫০) টিনের ঘরের বেড়ার উত্তর পাশের খালি জায়গায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার এবং পাঁচ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযان চলাকালে তাৎক্ষণিকভাবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে ভেড়ামারা থানায় নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে এসআরবি। এলাকাটিকে যেকোনো ধরনের সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও জঙ্গিমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।