অস্ট্রেলিয়ার নতুন মিশনে নেতৃত্বে সোফি মলিনিউ ইনজুরির শঙ্কায় স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ঘরের মাঠে আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ এবং টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে স্পিন অলরাউন্ডার সোফি মলিনেক্সকে। তবে নিতম্বের চোটের কারণে তার অংশগ্রহণ নির্ভর করছে শেষ মুহূর্তের মেডিকেল মূল্যায়নের ওপর।

জাতীয় দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, সোফি মলিনেক্সের ইনজুরি পরিস্থিতি আগামী কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এছাড়া পিঠের চোটের কারণে ছিটকে গেছেন পেসার ডার্সি ব্রাউন। ইন্ডিয়া সফর থেকে ফেরার পর তার ইনজুরি ধরা পড়ে, যার ফলে উইমেনস বিগ ব্যাশ লিগে তার খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

অন্যদিকে, কুঁচকির চোটে ভুগছেন লুসি হ্যামিল্টন। এ কারণে বাংলাদেশ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এই তরুণী। তবে নির্বাচকদের প্রত্যাশা, কুঁচকির এই হালকা চোট কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন তিনি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।

দলে কিছুটা বিস্ময়কর অনুপস্থিতি গ্রেস হ্যারিসের। বিশ্বকাপের পর সীমিত সুযোগের কথা মাথায় রেখে এবং স্কোয়াডের আকার ছোট করার লক্ষ্যে তাকে এই দফায় দলে রাখা হয়নি। তবে নির্বাচক প্যানেল স্পষ্ট করেছে যে, গ্রেস হ্যারিস এখনও দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং ভবিষ্যতে তার ফেরার দরজা খোলা আছে।

বিশ্বকাপের লড়াই শেষ করে আসা অস্ট্রেলিয়া নারী দলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে। শন ফ্লেগলারের মতে, ভিন্ন ভিন্ন শক্তির প্রতিপক্ষ হওয়ায় এই দুই সিরিজের লড়াই অজিদের পারফরম্যান্স আরও শাণিত করার সুযোগ করে দেবে।

০%
০%
০%
০%