সিরাজগঞ্জের কাজিপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভালবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ নাসিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, গত ২৭ সেপ্টেম্বর কাজিপুর থানা পুলিশ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষে সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল।
রাত ১টার দিকে দুজন আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে পেছনের আরোহী মোটরসাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল চালক নাসিমকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমর থেকে একটি রিভালবার ও ম্যাগজিনে লোড করা তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত ইয়ামাহা এফজেড মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার নাসিম হোসেন ও পলাতক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় কাজিপুর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার নাসিমকে আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।