ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার অপচেষ্টা রুখে দেওয়া হবে মীর শাহে আলম

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠীগুলো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নানা অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এ দেশের জনগণ কোনো অবস্থাতেই ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শিবগঞ্জে গুপ্ত ও নিষিদ্ধ শক্তির ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই মশাল মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটিয়ে নিজেরাই তার দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা করা হয়েছিল। অথচ এ ঘটনায় জামায়াতের এক সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে নেপথ্যের প্রকৃত ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। এই ধরনের কাপুরুষোচিত ঘটনা থেকেই পরিষ্কার বোঝা যায় যে একটি মহল সুদূরপ্রসারী চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে মীর শাহে আলম বলেন, বিএনপি রাজপথের আপসহীন আন্দোলনের মাধ্যমেই জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় অভিষিক্ত হয়েছে। সুতরাং, অতীতে যেভাবে ষড়যন্ত্র মোকাবিলা করা হয়েছে, তেমনি যেকোনো নাশকতামূলক অপচেষ্টা কঠোরহস্তে দমন করা হবে। ভয়ভীতি দেখিয়ে বা ফাঁকা হুমকিতে এই দলের অগ্রযাত্রা রোখা যাবে না।

তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার দেশের মানুষের মৌলিক প্রত্যাশা পূরণ, সুশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের এই শান্তিময় অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এর আগে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে দলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে উপজেলা চত্বরে আয়োজিত সমাপনী সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

০%
০%
০%
০%