চট্টগ্রামের সাতকানিয়ায় জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম।
এর আগে গত ৩১ আগস্ট রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় পিচ্চি জাহিদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে পিচ্চি জাহিদকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে বিএনপি কর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া প্রধান আসামি জসিম উদ্দিন, স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।