ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় অবৈধভাবে যৌন উত্তেজক ও আয়ুর্বেদিক ওষুধ তৈরির অপরাধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এই অভিযানে নেতৃত্ব দেন। দণ্ডাদেশ দেওয়ার পর তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে কোনো ধরনের অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালনা করে আসছিলেন বায়েজিদ। মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামের ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের সামগ্রী উদ্ধার করা হয়। ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ছয়ের এক ধারা লঙ্ঘনের অভিযোগে এই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। দণ্ডপ্রাপ্ত বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হাবিবুর রহমানের ছেলে।
এদিকে ঘটনার প্রায় একদিন পর বিষয়টি জানাজানি হলে ফরিদপুর শহরজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাইফ হাসান খাঁন জানান, কোনো রকম অন্যায়ের সঙ্গে তাদের কোনো আপস নেই এবং দলের কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।