হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম নামের এক তরুণ স্কুলশিক্ষক মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন। বুধবার সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম মণিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক এবং একই গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জে লাগাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাজমুল। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

মাত্র দেড় মাস আগেই এই তরুণ শিক্ষকের বাবা মৃত্যুবরণ করেছিলেন। পরিবারের পরপর দুই উপার্জনক্ষম সদস্যের এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং তাদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

০%
০%
০%
০%