ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ (৫০) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কে বা কারা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি কোনোভাবে মলম পার্টির খপ্পরে পড়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে তাকে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিখোঁজ সংবাদ ও ছবি আপলোড করা হয়। সেই ছবি দেখে ঠাকুরগাঁওয়ের সালাম ইলেকট্রিকসের মালিক আব্দুস সালাম তাকে চিনতে পেরে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
নিহত আব্দুল হামিদ রাজশাহী জেলার পুটিয়া থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে। তিনি পেশায় জেবি ক্যাবেলসের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।