কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম এবং তার মায়ের নামে ফেসবুক ও টিকটকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব ফেক আইডির কিছু অংশ অপ্রতিম নিখোঁজ হওয়ার ও মৃত্যুর পর তৈরি করা হয়েছে বলে বিশ্লেষণে দেখা গেছে। আবার কিছু অ্যাকাউন্ট আগে থেকেই চালু থাকলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে অপ্রতিম ও তার মায়ের নাম যুক্ত করা হয়েছে। তবে এই অ্যাকাউন্টগুলো কারা পরিচালনা করছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অপ্রতিমের নামে খোলা কয়েকটি ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি ছবি ও ভিডিও আপলোড করা হচ্ছে। এসব কনটেন্টে অপ্রতিমের ছবি ব্যবহার করে বিভিন্ন কৃত্রিম দৃশ্য তৈরি করা হয়েছে।
এদিকে অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা ড. নাহিদা বেগম। তিনি জানান, তার ছেলেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার কারণে তার ছেলেকে টার্গেট করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তার কোনো দোষ থাকলে তাকে যেন শাস্তি দেওয়া হয়, কিন্তু কেন তার ছেলেকে মেরে ফেলা হলো—এই প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় দায়ের করা একটি মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা।