যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হলে দেশের জাতীয় অর্থনীতি আরও বেশি সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সোমবার বিকেলে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা চলমান রয়েছে।
বেনাপোলকে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই বন্দরের কার্যক্রম যত বেশি গতিশীল ও সক্ষম হবে, সরকারের রাজস্ব আহরণও তত পরিমাণে বৃদ্ধি পাবে। আর রাজস্ব আয় বাড়লে তার ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে।
বন্দর ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। ব্যবসা-বাণিজ্যের স্বার্থে সেবার মান বাড়ানোর পাশাপাশি যথাযথভাবে নিয়মকানুন অনুসরণের ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উক্ত মতবিনিময় সভায় যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খাইরুজ্জামান মধু, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সহ-সভাপতি আতিকুজ্জামান সনিসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।