জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপনে রংপুরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন

রংপুর নগরীতে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। রোববার রাতে নতুন দাম কার্যকর হওয়ার আগেই কম দামে তেল সংগ্রহ করতে পাম্পগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে দাম বাড়ার খবর শোনার পরপরই বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ করে দেন মালিকপক্ষ।

রোববার রাতে নগরীর সিটি ফিলিং স্টেশন, সুরমা পাম্প, ছালেক পাম্প ও ইউনিক ট্রেডার্সসহ বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়। এ সময় অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের চেষ্টা করেন। নগরীর ধাপ এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম সিফাত জানান, এক লাফে লিটারে জ্বালানি তেলের ২০ টাকা দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ায় পাম্পগুলোতে ভিড় বেড়েছে। তিনি রাত বারোটার আগে তেল নিতে লাইনে দাঁড়ালেও দীর্ঘ সময় অপেক্ষা করে তেল না পেয়েই ফিরে যান। সিটি ফিলিং স্টেশনে রাত সাড়ে এগারোটার দিকে তেল নিতে আসা আসাদুজ্জামান বাপ্পা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলের দাম বাড়ার খবর দেখে তিনি পাম্পে এসেছেন। আরেক ক্রেতা আব্দুর রশিদ জীবন সাধারণত দুই থেকে তিন শ টাকার তেল নিলেও পাম্পে ভিড় দেখে এবার এক হাজার টাকার তেল নিয়েছেন। তেলের দাম বাড়ার কথা মানুষের মুখে শুনেই তিনি পাম্পে ছুটে আসেন বলে জানান।

সিটি ফিলিং স্টেশনের কর্মচারী হযরত আলী বলেন, দিনের বেলায় পাম্পে তেমন ভিড় না থাকলেও রাত নয়টার পর হঠাৎ করে মানুষের চাপ বাড়তে শুরু করে। দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ায় তেলের চাহিদাও বহুগুণ বেড়ে যায়। এদিকে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হয়। পাম্পের মেশিনে নতুন দাম নির্ধারণ করে সেই অনুযায়ী জ্বালানি তেল বিক্রি শুরু করেন সিটি ফিলিং স্টেশন কর্মকর্তারা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ এনামুল হকের সই করা রোববারের প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে কুড়ি টাকা করে বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল একশত পঁয়ত্রিশ টাকা, কেরোসিন একশত পঞ্চান্ন টাকা, অকটেন একশত পঁয়ষট্টি টাকা এবং পেট্রোল একশত ষাট টাকায় বিক্রি হচ্ছে।

০%
০%
০%
০%