সুনামগঞ্জে তিন সন্তানকে বিষপানে হত্যার পর পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিজ সন্তানদের বিষপান করিয়ে হত্যার পর বাবা নিজেও বিষপান করেছেন বলে মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের রজনী লাইন গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময়ে শরফত আলী তার তিন শিশুসন্তানকে জোরপূর্বক বিষপান করান এবং পরবর্তীতে নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত তিন শিশুর নাম, পরিচয় ও বয়স জানা যায়নি এবং ঠিক কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, ভোরে খবর পেয়ে পুলিশ বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পায়। গুরুতর অসুস্থ পিতাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন এবং নিহতদের পরিচয় ও বিষপানের সুনির্দিষ্ট কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া চলছে। একসঙ্গে তিন শিশুর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রজনী লাইন গ্রাম ও এর আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

০%
০%
০%
০%