কুবিতে শিশু অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা শেষে ‘জাস্টিস জাস্টিস’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা সম্পন্ন হওয়ামাত্রই মাঠ থেকে ছাত্রশিবির ও ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিলটি কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ‘জাস্টিস জাস্টিস’, ‘অপ্রতিম হত্যার বিচার চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পেছনে থাকা প্রকৃত ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। তিনি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং একই সঙ্গে ক্যাম্পাস ও পুরো কুমিল্লা অঞ্চলে শিক্ষার্থী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

০%
০%
০%
০%