শিল্প সাহিত্যে বিশেষ অবদান রাখায় তিন কৃতি ব্যক্তিত্ব পেলেন খুলনারত্ন সম্মাননা

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন বিশিষ্ট সাহিত্যিককে মর্যাদাপূর্ণ ‘খুলনারত্ন’ সম্মাননা প্রদান করা হয়েছে। গত শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক অনাড়ম্ভর অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। খুলনা কবি সাহিত্যিক ফোরাম এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের আয়োজনে সাংবাদিকতা ও কলাম লেখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রয়াত এম হেফজুর রহমান, শিশুসাহিত্যে অনবদ্য অবদানের জন্য আশরাফুন্নেছা দুলু এবং সফল সংগঠক ও সাহিত্যিক হিসেবে অবদানের জন্য কবি রুহুল আমিন সিদ্দিকীকে ‘খুলনারত্ন’ সম্মাননা ভূষিত করা হয়। স্থানীয় সাহিত্য অঙ্গনের গুণীজনদের এমন স্বীকৃতিতে উপস্থিত সুধীজন ও সাহিত্যপ্রেমীরা সন্তোষ প্রকাশ করেন।

খুলনা কবি সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এসএম আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলাম এবং খুলনা কবি সাহিত্যিক ফোরামের উপদেষ্টা আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

সংগঠনের সদস্য সচিব আজাদুল হক আজাদ ও সদস্য মনিরুজ্জামান মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়া পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক। আমন্ত্রিত অতিথিদের আলোচনা এবং বরেণ্য সাহিত্যিকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

০%
০%
০%
০%