সিলেট নগরীর জিন্দাবাজারের মিতালি ম্যানশনে অবস্থিত 'স্টেপ' নামক একটি জুতার দোকানে লাইসেন্স, সাইনবোর্ড ও ক্যাশমেমোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরের দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দোকানটিতে 'পায়ে পায়ে' নামের অন্য একটি জুতার দোকানের লাইসেন্স, লোগো এবং ক্যাশমেমোসহ নানা জালিয়াতির কাগজপত্র দেখতে পান তদারকি দল। এসব অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও 'স্টেপ' কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সার্বिक সহযোগিতা প্রদান করে সিলেট মহানগর পুলিশের একটি বিশেষ দল।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা দোকান সিলগালার সত্যতা নিশ্চিত করে জানান, আগামী তিন দিনের মধ্যে যদি যথাযথ কাগজপত্র বা নথিপত্র জমা দেওয়া হয়, তবেই দোকানটি পুনরায় খুলে দেওয়া হবে।