কোতোয়ালির পেছনে রিকশাযাত্রীকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুটোল চক্র, ভিডিও দেখে শনাক্ত দুই ছিনতাইকারী

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেনে প্রকাশ্যে এক রিকশাযাত্রীর পথ রোধ করে ধারালো অস্ত্রের মুখে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার দিনের বেলায় আশপাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরা থেকে ধারণকৃত ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ এবং জড়িতদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা যায়, পাথরঘাটার সতীশ বাবু লেনের ফাঁকা সড়কে একটি রিকশা থামিয়ে দুই ব্যক্তি ওই যাত্রীকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজনের হাতে থাকা ধারালো ছুরির ভয় দেখিয়ে যাত্রীকে অবরুদ্ধ করা হয়, আর অন্যজন তার সঙ্গে থাকা নগদ টাকা ও মালামাল কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে রিকশাযাত্রী বাধা দিতে গেলে তাকে ছুরি দিয়ে মারাত্মক আঘাত করা হয়। যাত্রী রক্তাক্ত ও নিস্তেজ হয়ে পড়লে দুষ্কৃতকারীরা তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, কোতোয়ালি থানার ঠিক পেছনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন ভোর থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত কর্মজীবী নারী-পুরুষের যাতায়াত সবচেয়ে বেশি থাকে। এই সময়টিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে অটোরিকশায় করে আসা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে। ভোরের দিকে পথচারীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হলেও ঝামেলা এড়াতে অনেকে থানায় লিখিত অভিযোগ করেন না। যার ফলে একই চক্র বারবার পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আসা ভিডিওতে দৃশ্যমান দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। তাদের মতে, অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে এই এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন হওয়া সম্ভব।

ভিডিওচিত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর জানান, পুলিশের হাতে একটি ভিডিও ফুটেজ এসেছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশের মোবাইল টিমের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভিডিওতে দৃশ্যমান দুই ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ না দিলেও পুলিশ স্বপ্রণোদিত হয়ে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ভিডিও ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করে ইতোমধ্যে ওই দুই ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের একাধিক টিম মাঠে নিবিড়ভাবে কাজ করছে।

০%
০%
০%
০%