লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ করা মানবিক সহায়তার অর্থ বিতরণের তালিকায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা এই সহায়তার স্বচ্ছতা ও প্রকৃত উপকারভোগী নির্বাচন নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে।
রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার ৪৮৬ জন ব্যক্তির মধ্যে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।
তবে অর্থ বিতরণের পর অনুষ্ঠানে সহায়তা গ্রহণকারীদের একটি তালিকা ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই শুরু হয় আলোচনা ও সমালোচনা। স্থানীয় সূত্রে জানা গেছে, সহায়তা গ্রহণকারীদের মধ্যে পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী, একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, একজন যুবদল নেতা এবং ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতি উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের একাংশ উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কঠোর প্রশ্ন তোলেন। গরিব ও দুস্থ মানুষের জন্য নির্ধারিত এই সরকারি সহায়তার তালিকা তৈরির সময় কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছে এবং রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিরা কোন যোগ্যতার ভিত্তিতে এই তালিকায় স্থান পেলেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবির নিচে একজন মন্তব্য করেন, ‘এখানে গরিব কে?’, যা এই পুরো প্রক্রিয়াটির নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার জানান, দলীয়ভাবে সচ্ছল কেউ এই সহায়তা পেয়েছেন কি না, সে বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, সংসদ সদস্য তাঁর মতো করে তালিকা তৈরি করেছেন এবং যাদের দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, তাদেরই তিনি সহায়তা প্রদান করেছেন।