কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ঘোড়াইঘাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে সদর উপজেলার হরিপুর ব্রিজ থেকে এই বর্ণিল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার মোট সাতটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। হরিপুর ব্রিজসহ নদীর দুই পাড়ের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে শত শত উৎসুক মানুষ গ্রামীণ এই উৎসব উপভোগ করেন। দীর্ঘ বিরতির পর এই আয়োজনকে ঘিরে নদীর দুই পাড়ে বসেছে গ্রামীণ মেলা, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম চারটি দলের জন্য পুরস্কার হিসেবে রয়েছে তিনটি মোটরসাইকেল ও একটি ফ্রিজ। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলকে একটি করে টেলিভিশন দেওয়া হবে। আয়োজকেরা জানিয়েছেন, মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতেই তারা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। এর আগে ২০২২ সালে এই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী মাঝি-মাল্লারাও।
উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।