কুমিল্লায় শিক্ষিকার শিশুসন্তান খুন পাহাড়ি টিলা থেকে মরদেহ উদ্ধার আটক ১

কুমিল্লায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের কচি বয়সি সন্তান অপ্রতিম। শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে কান্নায় ভেঙে পড়ে নিজের অবুঝ সন্তানের জন্য এই বিচার ও আকুতি জানান শোকার্ত মা।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের সানন্দা এলাকার একটি পাহাড়ি টিলা থেকে শিশু অপ্রতিমের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তুহিন নামের এক যুবককে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার বেলা তিনটার দিকে মায়ের একটি আইফোন হাতে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছিল না। সন্তান নিখোঁজের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন শিক্ষিকা নাহিদা বেগম।

সাধারণ ডায়েরিভুক্ত হওয়ার পর প্রযুক্তির সহায়তা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আইফোনটির সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে দীর্ঘ তল্লাশির পর পাহাড়ি টিলা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর পরিবারের সদস্যরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%