মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে তিনটার দিকে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই প্রাইভেটকারের যাত্রী এবং তাদের মধ্যে চালকও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেড-এর একটি যাত্রীবাহী বাস তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে চলে আসা একটি কালো রঙের প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেন। এর ফলে বাসটি মহাসড়কের রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ভেতরে থাকা সবাই আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজল চন্দ্র সরকার জানান, হাসপাতালে আনা রোগীদের মধ্যে দুই নারী ও দুই পুরুষকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের যাত্রীদের মধ্যে চালকসহ চারজন মারা গেছেন। বাসের আহত চার যাত্রীর আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছুটা সময় যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।