কুমিল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত চার আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
রোববার বিকেলে আসামিদের কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে তোলা হয়। বিকেল চারটার দিকে আসামিদের আদালতে হাজির করা হলেও শেষ পাওয়া পর্যন্ত আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।
এর আগে রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) এবং মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও মো. সিয়াম (১৯) নামের আরও একজনকে আটক করে তার বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করা হচ্ছে।
গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল অপ্রতিম। কোনো সন্ধান না পেয়ে তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার পরবর্তীতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা এবং ভুক্তভোগী পরিবার দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন।