ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মাইকেল ক্যারিকের। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম ৪ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে তার দল। এর ওপর লিগ কাপে ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় চাপের মুখে পড়েছেন এই কোচ। ওল্ড ট্রাফোর্ডে দুই গোলের লিড নিয়েও এমন হার গত ৫০ বছরে দেখেনি রেড ডেভিলরা।
নিজের ভবিষ্যৎ নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাবে ক্যরিক বেশ অবিচল। তিনি জানান, দলের বর্তমান পারফরম্যান্স এবং সামনের ম্যাচগুলোর পরিকল্পনা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার সময় তার নেই। তার মতে, যেকোনো সফল দলেরই এমন কঠিন সময় আসে এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠাই এখন মূল লক্ষ্য। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান অর্জন করে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ইউনাইটেড যে চলতি মৌসুমে ছন্দহীন, তা স্বীকার করে নিয়েছেন তিনি।
সাম্প্রতিক ম্যাচগুলোতে ভাগ্যও যেন সহায় ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্লিং হালান্ডের জয়সূচক গোলটি ভিএআর প্রযুক্তির ভুলে অফসাইড থাকা সত্ত্বেও দেওয়া হয়েছিল, যার জন্য রেফারিদের পক্ষ থেকে ক্ষমাও চাওয়া হয়েছে। এছাড়া এভারটনের বিপক্ষেও জয় প্রায় নিশ্চিত ছিল, কিন্তু এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের দুর্দান্ত এক দূরপাল্লার শটে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের।
ক্যরিকের মতে, ফুটবলে অনেক সময় ছোট ছোট ব্যবধানই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তবে তিনি আত্মবিশ্বাসী যে, জয় ফিরলেই সব সমালোচনা থেমে যাবে। এই কঠিন সময় পার করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রবিবার ফুলহ্যামের মাঠে নামার আগে কিছুটা স্বস্তির খবরও রয়েছে ইউনাইটেড শিবিরে। ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন লুক শ। এছাড়া ব্রাইটন থেকে ৭০ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানো কার্লোস বালেবাও প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। ক্র্যাভেন কটেজে জয়ের ধারায় ফিরতে মরিয়া ক্যরিকের শিষ্যরা।