সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিটনেস বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত মেগা ইভেন্ট ‘সাস্ট হাফ ম্যারাথন’-এর রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে এর উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাস্ট ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২০২৭ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এই হাফ ম্যারাথন শুরু হবে। এবারের ম্যারাথনে ২১.১, ৭.৫ এবং ১.৫ বা কিডস—এই তিনটি ক্যাটাগরিতে রানাররা অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ২১.১ ও ৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ সাস্টিয়ান এবং সাধারণ বা জেনারেল প্রতিযোগীদের জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
নির্ধারিত ফি অনুযায়ী, ২১.১ কিলোমিটার ক্যাটাগরিতে সাস্টিয়ানদের জন্য ১,২০০ টাকা এবং জেনারেলদের জন্য ১,৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে সাস্টিয়ানদের জন্য ১,০০০ টাকা এবং জেনারেলদের জন্য ১,২০০ টাকা ফি ধার্য করা হয়েছে। অপরদিকে ১.৫ কিলোমিটার কিডস ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় ১.৫ কিলোমিটার কিডস ক্যাটাগরি ছাড়া বাকি দুটি ক্যাটাগরিতে নারী ও পুরুষদের আলাদাভাবে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য প্রাইজমানির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ভেটেরান রানার ও কিডস ক্যাটাগরিতেও প্রথম থেকে তৃতীয় স্থান পর্যন্ত বিজয়ীদের প্রাইজমানি প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা ড. সামিউল ইসলাম, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও ক্লাবের উপদেষ্টা শরীফ সোহাগ, ক্লাবের ফাউন্ডিং মেম্বার নুরুহ হক, সিলেটের বিভিন্ন রানার্স কমিউনিটির প্রতিনিধি এবং ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।
আসন্ন ম্যারাথন সম্পর্কে সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলন বলেন, তাদের বিগত ইভেন্টগুলো দেশের সব রানারের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতা রক্ষা করে রানারদের আরও সুন্দর একটি ইভেন্ট উপহার দিতে তারা আশাবাদী। এই আয়োজনে সব রানারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে তিনি জানান, ইভেন্টটি নিয়ে রানারদের যেকোনো ধরনের পরামর্শ তারা সাদরে গ্রহণ করবেন।