পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সেনগ্রামে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৬) ও মাহফুজ (৬) নামের দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হুজাইফা সেনগ্রামের মজিবর রহমানের ছেলে এবং মাহফুজ একই গ্রামের রুবেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের সদস্যরা পাট ধৌত করার জন্য মাঠে গেলে শিশু দুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত বলে ঘোষণা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একসঙ্গে দুটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি অভিভাবকদের আরও বেশি সতর্ক ও যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে।