ঢাকা জেলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে সিট দখল, র্যাগিং, শিক্ষার্থী হয়রানি, ধূমপান এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। পরিবহন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা, দ্বিতল ও বিআরটিসি থেকে ভাড়াকৃত বাসে শিক্ষার্থীদের বসার সিট পূর্বে খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ কিংবা কাগজ রেখে সিট দখল করার অসৌজন্যমূলক চর্চা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা সৃষ্টি বা হেনস্তা করার বিষয়গুলো প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ, সাধারণ শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের পরিপন্থী। কোনো শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার বা সিট দখলের নামে অসম আচরণ এবং র্যাগিংয়ে সামিল হওয়া শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। অপরাধ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, বাসের সিটে ব্যক্তিগত কোনো জিনিসপত্র রেখে আগে থেকে সিট দখল করা যাবে না। একই সঙ্গে জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের সিটে বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনো ধরনের মানসিক বা শারীরিক হেনস্তা করা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরিবহনের কোনো যানবাহনের অভ্যন্তরে ধূমপান এবং মাদকদ্রব্য বহন বা সেবনও কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পরিবহন সেবা সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব রাখতে বাস ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চালক ও হেলপারদের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দরজা খুলে দিতে বলা হয়েছে এবং বাসে কোনো অবৈধ সিট দখল বা বিশৃঙ্খলা না ঘটে তা নিশ্চিত করে প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাকে র্যাগিংমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।