খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মশাবাহিত রোগ প্রতিরোধ ও ক্যাম্পাসের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘মশক নিধন সপ্তাহ-২০২৬’। ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।
উদ্বোধনকালে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অধিকতর সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন, সড়ক, ড্রেন এবং জলাবদ্ধ স্থানসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। সার্বিকভাবে ক্যাম্পাসকে মশামুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার উদ্দেশ্যে এই বিশেষ কার্যক্রমে জোর দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও শাখা প্রধানসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।