সিলেটে হাম পরিস্থিতির অবনতি আরও তিন শিশুর মৃত্যু নতুন রোগী ১৯৩ জন

সিলেটে উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে সন্দেহজনক হাম পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই সময়ে সন্দেহজনক হামে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন রোগী।

বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সুনামগঞ্জ জেলার এবং একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। তাদের মধ্যে দুজনের চিকিৎসা চলছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সিলেটে সন্দেহজনক হামে ৬৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজনের মৃত্যু হামে নিশ্চিত বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়া হবিগঞ্জে সন্দেহজনক মৃত্যু হয়েছে ১৯ জনের (নিশ্চিত চারজন), মৌলভীবাজারে ১৪ জনের (নিশ্চিত একজন) এবং সুনামগঞ্জে ৬২ জনের (নিশ্চিত একজন)।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, কোম্পানীগঞ্জে চারজন, ধর্মপাশায় একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৯২ জন রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

বিভাগের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন রোগী চিকিৎসাধীন আছেন। পাশাপাশি বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আরও বহু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

০%
০%
০%
০%