রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার ও অস্ত্র উদ্ধারে এপিবিএন অধিনায়কের কড়া নির্দেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ আভিযানিক কার্যক্রম আরও জোরদার করার কঠোর নির্দেশ দিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ। গত বুধবার ৮ এপিবিএনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

এপিবিএন সূত্র জানায়, পর্যালোচনা সভায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাসকারী সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা বিধান এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব পুলিশ সদস্যকে অধিকতর দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ব্যাটালিয়ন প্রধান। এ সময় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান বেগবান করার পাশাপাশি চিহ্নিত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, দেশ ও জাতির কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেককে নিজ নিজ অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের এই আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

পুলিশ সদস্যদের কল্যাণমূলক আলোচনায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্যও তুলে ধরেন অধিনায়ক। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনার আলোকে তিনি উল্লেখ করেন, জীবনের চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। মানসিক বা পারিবারিক কোনো সংকটে পড়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া কোনো সমাধান নয় এবং কোনো ধর্মেই তা সমর্থন করে না। আত্মহত্যায় কেবল একটি তাজা প্রাণই ঝরে যায় না, বরং পুরো পরিবার ধ্বংস হয়ে যায়।

অধীনতার দায়িত্বে থাকা সদস্যদের যেকোনো বিপদে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, ব্যক্তিগত, পারিবারিক বা আর্থিক যেকোনো সমস্যায় পড়লে তা যেন সরাসরি তাকে জানানো হয়। তিনি নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ৮ এপিবিএনে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

০%
০%
০%
০%