চাঁদপুর শহরে ডোপ টেস্টের কথা শোনার পর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এক উপপরিদর্শক (এসআই) রহস্যজনকভাবে কর্মস্থল ছেড়ে চলে গেছেন এবং বর্তমানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর পুলিশ প্রশাসনের ভেতর ও বাইরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আত্মগোপনকারী ওই পুলিশ কর্মকর্তার নাম মামুন উর রশিদ।
পুলিশ সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ জন পুলিশ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করে। ডোপ টেস্টের বিষয়টি জানতে পেরে গত ১৫ সেপ্টেম্বর তিনি কাউকে কিছু না জানিয়ে ফাঁড়ি থেকে চলে যান। ফাঁড়ির পক্ষ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এসআই মামুন নিয়মিত মাদক সেবন করতেন এমন তথ্যও পাওয়া গিয়েছিল, যার ফলে তার ডোপ টেস্টের ফলাফল সংগ্রহের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মূলত পরীক্ষার ভয়েই তিনি গা ঢাকা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি তৎক্ষণাৎ চাঁদপুরের পুলিশ সুপারকে অবহিত করা হলে তার কঠোর নির্দেশ অনুযায়ী এসআই মামুনকে খুঁজে বের করে ফাঁড়িতে ফিরিয়ে আনতে মাঠে নামে পুলিশ। পুলিশ সদস্যরা তার বাসভবনেও খোঁজ নেন, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গত দুদিন ধরে তার বাসভবনে পুলিশ সদস্য পাঠানো হলেও তার কোনো সন্ধান মেলেনি এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বর্তমানে বন্ধ রয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এই জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে যাদের আচরণই সন্দেহজনক মনে হবে, তাদের সবাইকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।
তিনি আরও দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মামুনকে আমরা খুঁজে বের করবই।