খাসজমি দখল ও দুর্নীতির প্রমাণ মেলায় কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান পদচ্যুত

নীলফামারীর কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে তার পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই সঙ্গে তার ইউপি চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করে একটি প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই অপসারণের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অভিযুক্ত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর বিরুদ্ধে খাসজমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, বিভিন্ন অনিয়ম এবং সরকারি অর্থ অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। পরবর্তীতে এসব অভিযোগের তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার দেওয়া লিখিত জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) ও ৩৪ (৪) (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় এবং একই আইনের ৩৪ (৬) ধারা অনুযায়ী জনস্বার্থে তাকে স্বীয় পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়। মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৩৫ (২) উপধারা অনুযায়ী ৬ নম্বর কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন।

০%
০%
০%
০%