কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নূর জাহান (২১) নামের এক কলেজছাত্রী মারা গেছেন। বুধবার ভোরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ও তার গর্ভে থাকা অনাগত সন্তান মৃত্যুবরণ করেন। মৃত নূর জাহান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মৃতের স্বামী জোবায়ের হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা ও অনাগত সন্তানের মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নূর জাহানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সহপাঠী আফরিন সুলতানা শোক প্রকাশ করে জানান, অল্প বয়সে তার মৃত্যুর খবর শুনে তারা গভীরভাবে মর্মাহত এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কষ্টকর। আরেক সহপাঠী মাহমুদা আলম বলেন, তিনি তাদের সাথে সবসময় হাসোজ্জ্বল থাকতেন এবং তার এই চলে যাওয়াটা বিশ্বাস করা কঠিন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, তার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র, শান্ত ও সৃজনশীল মেয়ে ছিলেন এবং বিভাগের প্রতিটি অনুষ্ঠানে তিনি আগ্রহ নিয়ে অংশ নিতেন। তার এই অকালমৃত্যুতে পুরো বিভাগ অত্যন্ত ব্যথিত ও শোকাহত।