রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ মাঝপথেই ফেলে ঠিকাদার উধাও হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। বাধ্য হয়ে একটি অস্বাস্থ্যকর টিনশেডের ঘরে গুমোট গরমে চালিয়ে নেওয়া হচ্ছে পাঠদান কার্যক্রম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণের জন্য ২০২২ সালে ১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ৭৯ টাকার দরপত্র আহ্বান করা হয়। ওই দরপত্রের মাধ্যমে কাজটি পায় মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ। ২০২৩ সালের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও তা না করে লাপাত্তা হয়ে যান ঠিকাদার। পরবর্তীতে ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হওয়ায় চুক্তি বাতিল করা হয়।
সরেজমিনে দেখা গেছে, নতুন ভবন নির্মাণের উদ্দেশ্যে খনন করা পিলারগুলোর বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বিপজ্জনক ডোবার সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। সহকারী শিক্ষকরা জানান, ভবন নির্মাণকাজ দ্রুত শেষ হবে—এমন প্রত্যাশায় থাকলেও দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় টিনের বেড়ার ঘেরা ঘরে পাঠদান চালাতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম সিদ্দিক জানান, ভবন নির্মাণের কাজ শুরুর মাত্র এক মাস পরেই হঠাৎ লাপাত্তা হয়ে যান সংশ্লিষ্ট ঠিকাদার। বদরগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ জানিয়েছেন, নতুন করে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান সুলতানা বলেন, শিগগিরই বিদ্যালয়ের ভবন নির্মাণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে দ্রুত ভবন নির্মাণকাজ পুনরায় শুরু করে নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা।