শরীয়তপুরের গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি রায়হান তালুকদারকে (২৮) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মামলাটি দায়েরের পর থেকে রায়হান তালুকদার আত্মগোপনে ছিলেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করেন। এর ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশের একটি দল ও র‍্যাব-১০-এর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

জানা যায়, গত ২৪ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ রানীসার এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার সময় ঐ কিশোরী স্থানীয় একটি বাড়িতে গৃহস্থালির কাজে নিয়োজিত ছিল। সন্ধ্যায় পুকুরঘাটে কাজ করার সময় রায়হান তালুকদার তার মুখ চেপে ধরে পাশের একটি পানবরজে নিয়ে যান বলে অভিযোগ করা হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর ঐ কিশোরীকে ঘটনাস্থলের কাছাকাছি অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান রায়হান। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন এবং পুলিশকে বিষয়টি জানান।

পরে কিশোরীকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ২৫ আগস্ট গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল রায়হান।

গোসাইরহাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রায়হান তালুকদারকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। মামলাটির সুষ্ঠু তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

০%
০%
০%
০%