নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই জনের ফাঁসি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কিশোরী জুবা আক্তারকে ধর্ষণের পর হাত-পা বেঁধে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার বেলা ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন এবং একই এলাকার গোলাম হোসেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালে নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় ছোবা মিয়ার মেয়ে জুবা আক্তারকে ধর্ষণ করেন আসামি খলিল উদ্দিন। পরবর্তীতে ষাট বছর বয়সী অপর আসামি গোলাম হোসেনও তাকে ধর্ষণের চেষ্টা চালান। এতে জুবা আক্তার রাজি না হওয়ায় খলিল উদ্দিন ও গোলাম হোসেন মিলে তার হাত-পা বেঁধে ফেলেন এবং শ্বাসরোধে হত্যা করেন। এরপর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে ব্লেড দিয়ে তার গলা কেটে লাশ জমিতে ফেলে পালিয়ে যান তারা। এই মর্মান্তিক ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও বিচারকাজ শেষে আদালত এই রায় প্রদান করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত দোষী সাব্যস্ত করে খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। এমন নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়বাসী ও নিহতের পরিবার।

০%
০%
০%
০%