মেধাবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে: ফরিদপুরে সংবর্ধনায় এমপি বাবুল

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও কৃতি শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিল উপজেলা পরিষদের কনফারেন্স হলরুম। রোববার বিকেল ৫টায় আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম বাবুল বলেন, শুধু মেধাবী হলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। মানুষ তার স্বপ্নের সমান বড় উল্লেখ করে তিনি বলেন, জীবন সফল করতে হলে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হবে। মেধা ও মেধাবীদের সবসময় সম্মান করার কথা জানিয়ে তিনি বলেন, আজকের এই মেধাবী মুখগুলোই আগামীর দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিটি যুগোপযোগী পদক্ষেপে বর্তমান সরকার সবসময় পাশে রয়েছে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাধনার ফলেই শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে তাদের আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. পলাশ উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শাহ, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু এবং সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা। উল্লেখ্য, সদরপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৮১ জন শিক্ষার্থী কৃতকার্য হয় এবং তাদের মধ্য থেকে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সংবর্ধনাপত্র তুলে দেন। এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

০%
০%
০%
০%