১৭ বছরের দুর্দশা কাটিয়ে দেশ ঘুরে দাঁড়াচ্ছে, মানিকগঞ্জে মন্তব্য খাদ্যমন্ত্রীর

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা স্কুল মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সবকিছু অর্জন করা তাড়াতাড়ি সম্ভব নয় এবং বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং ১৭ বছর দুর্দশার মধ্যে থাকা ও আইসিইউতে থাকা দেশটিতে আস্তে আস্তে প্রাণ ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাদের হাত ধরেই দেশ একটি ভালো অবস্থায় চলে আসবে এবং জনগণের এই দেশ ও সন্তানদের নিয়ে দেখা স্বপ্ন পূরণ হবে।

রোববার দুপুরে বিএনপির উদ্যোগে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির মূল ভিত্তি হলো জনগণ এবং জনগণের ভোটেই তারা নির্বাচিত হয়েছেন। তাই জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ তারা করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে একই স্থানে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে স্কুলপোশাক ও স্কুলব্যাগ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই চলবে না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার তাগিদ দিয়ে তিনি শিক্ষকদেরও আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।

স্থানীয় বিএনপি নেতা কে এম ফেরদৌসের সভাপতিত্বে এবং সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বেতিলা স্কুলের প্রধান শিক্ষক মোতালেব হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, আলী আশরাফ, রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুর রহমান রাকিব ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অন্যান্যরা।

০%
০%
০%
০%