চট্টগ্রামে বাড়ছে জটিল হৃদরোগের আধুনিক চিকিৎসা ও রোগীর পরিসর

চট্টগ্রামে জটিল হৃদরোগের চিকিৎসায় ক্রমেই সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আধুনিক ইন্টারভেনশনাল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রসার ঘটছে রোগীসেবার। চলতি বছরের প্রথম আট মাসেই চট্টগ্রাম অঞ্চলের আটটি কেন্দ্রে তিন হাজার ৬২০টি পিটিসিএ বা এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে।

শুক্রবার চট্টগ্রামের সিএসসিআর ক্যাথল্যাব ও রেডিসন ব্লু চট্টগ্রামে আয়োজিত এক দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন যৌথভাবে এই প্রশিক্ষণ ও সম্মেলনের আয়োজন করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় পিটিসিএ বা স্টেন্টিংয়ের সংখ্যা বেড়েছে ১৪ শতাংশের বেশি এবং কার্ডিয়াক ইন্টারভেনশনাল কেস বেড়েছে আট দশমিক চার শতাংশ। এর মধ্যে সরকারি পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮৬টি এবং বেসরকারি পর্যায়ে সিএসসিআর, ম্যাক্স, চিটাগাং মেট্রোপলিটন ও পার্কভিউ হাসপাতালে এই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

স্থানীয় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং সর্বশেষ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে এই আয়োজনে তরুণ কার্ডিওলজিস্টদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সম্মেলনে বিশেষজ্ঞরা হৃদরোগ চিকিৎসার সর্বশেষ আন্তর্জাতিক প্রটোকল এবং জটিল কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী জানান, নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞ চিকিৎসকদের দিকনির্দেশনার মাধ্যমে চট্টগ্রামের চিকিৎসা সক্ষমতা আরও বহুগুণ বাড়ানো সম্ভব।

০%
০%
০%
০%