শাহরাস্তিতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের চরম অবহেলায় হাজেরা বেগম (৪২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১২টায় হাসপাতালের মহিলা ওয়ার্ডে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির আক্তার হোসেনের স্ত্রী হাজেরা বেগম লিভারের সমস্যায় ভুগে গত বৃহস্পতিবার সন্ধ্যা আটটায় এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।

শুক্রবার রাত ১১টার দিকে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে দায়িত্বরত চিকিৎসক প্রিয়াংকাকে দেখার অনুরোধ জানান রোগীর স্বামী। কিন্তু চিকিৎসক রোগী দেখতে অস্বীকৃতি জানিয়ে নিজ কক্ষে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন এবং রোগীকে কাঁধে করে তার কক্ষে নিয়ে আসার অদ্ভুত নির্দেশনা দেন।

রোগীর স্বামী একা রোগীকে নেওয়ার অপারগতা প্রকাশ করলে চিকিৎসক কেবল অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় রাত ১২টায় ওই রোগীর মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পর স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে এবং তারা বিক্ষুব্ধ হয়ে চিকিৎসকের বিচার দাবি করেন।

খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে আসে এবং পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় এলাকাবাসী অবিলম্বে কর্তব্যে অবহেলাকারী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%