মির্জাগঞ্জে প্রবাসী হিরনের বসতঘর আগুনে পুড়ে ছাই, ক্ষতি পাঁচ লাখ টাকা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের বাজিতা দ্বিতীয় খণ্ড গ্রামের দরগাবাড়ি নামক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সৌদি প্রবাসী হিরন সিকদারের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোররাতে ঘটা এই দুর্ঘটনায় ঘরের ভেতর থাকা যাবতীয় আসবাবপত্র, মালামাল এবং খাদ্যদ্রব্য সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

মাধবখালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মনির মজুমদার এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী সারমিন আক্তার জানান, তিনি শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে এসে ঘর পরিষ্কার করে রাতে পাশের গ্রামে বাবার বাড়িতে যান এবং ভোররাতে চাচা শ্বশুর সোবাহান সিকদারের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পান।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম স্বপন জানান, ভোররাতে সোবাহান সিকদার ফজরের নামাজের অজু করতে গিয়ে আগুন দেখতে পান এবং ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে ফ্রিজ, শোকেস ও গ্যাসের চুলাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম জানান, রাস্তার বেহাল দশা ও ভাঙনের কারণে তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে।

০%
০%
০%
০%